Logo
×

Follow Us

আইন-আদালত

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

আয়াস-রিমিসহ চার আসামি রিমান্ডে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

আয়াস-রিমিসহ চার আসামি রিমান্ডে

ছবিঃ বাংলা ট্রিবিউন

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি লাগানোর ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাঁদের মধ্যে দুজনের তিন দিন করে এবং অপর দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক জসিতা ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. সাকিবুল হাসান (১৯), ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস (২৭), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৬)। ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার হিমেল চার আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশে গণপূর্ত বিভাগের সীমানাপ্রাচীরে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছিল। গত ৯ অক্টোবর আল নূর মোহাম্মদ আয়াস ওই গ্রাফিতিতে চুনকাম করার ঘোষণা দেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এর ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা ঘটনাস্থলে জড়ো হন। এ সময় সাকিবুল হাসান উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়। অন্যদিকে মারজিয়া খন্দকার রিমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের কথা উল্লেখ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির সমালোচনা করেন এবং পরে তাতে কালো কালি লাগান বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা পালানোর চেষ্টা করেন বলেও রিমান্ড আবেদনে দাবি করা হয়েছে।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। মামলাটির নম্বর ১১। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন