Logo
×

Follow Us

আইন-আদালত

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিচার শুরু

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিচার শুরু

মীর মাহফুজুর রহমান মুগ্ধ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

রবিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের আদেশ দেওয়ার জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। গত ১৬ সেপ্টেম্বর নির্ধারিত দিনে এ বিষয়ে আদেশ না দিয়ে প্রথমে ২৩ সেপ্টেম্বর এবং পরে তা পিছিয়ে ১১ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়। ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।

মামলায় পুলিশ সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীসহ মোট ২৬ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১৮ জন পলাতক। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল হোসেন আলী এবং উত্তরা থানা এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, পুলিশের আরো কয়েকজন সাবেক কর্মকর্তা ও সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কয়েকজন কাউন্সিলর এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরার ৩ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহত ব্যক্তিদের হাসপাতালে নিতে সহায়তা করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এ সময় আন্দোলনকারীদের মধ্যে পানি ও বিস্কুট বিতরণ করার সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরায় মুগ্ধসহ ১১ জনকে হত্যা করা হয়। প্রথম অভিযোগে ১৮ জুলাই মুগ্ধ ছাড়াও জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। একই দিন একটি সাঁজোয়া যান বা এপিসির পেছনের চাকায় পিষ্ট করে উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে হত্যার অভিযোগও রয়েছে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।

মামলার অভিযোগ গঠনকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ প্রসিকিউশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে আইনজীবী এম লিটন আহমেদ এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

অভিযোগ গঠনের মাধ্যমে এখন মামলাটির সাক্ষ্যগ্রহণসহ পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেয়ার পথ খুলল। তবে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার বিষয়টি বিচারপ্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

মন্তব্য করুন