আদালতে যাওয়ার আগে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম
সংগৃহীত ছবি
ঢাকার সিএমএম আদালতে হাজির করার সময় মাথায় পরানো হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) দুপুরে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যান থেকে নামার আগেই তিনি এ ঘটনা ঘটান।
পুলিশের পাহারায় হাতকড়া পরিয়ে একটি প্রিজনভ্যানে করে তাকে আদালত চত্বরে আনা হয়। ভ্যানের দরজায় দাঁড়িয়ে মাথা থেকে হেলমেট খুলে ফেলে দিয়ে আখতারুজ্জামান বলেন, ‘আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।’
বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে করা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলায় পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে এ বিষয়ে শুনানি চলছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে তা হুমকি-ধমকির পর্যায়ে পৌঁছায়। এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)