রাড্ডা ক্লিনিক হামলায় গ্রেপ্তার ৪ জন কারাগারে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
ছবিঃ বাসস
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
কারাগারে যাওয়া আসামিরা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ শুনানি শেষে চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহআলী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার মধ্যরাতে একদল ব্যক্তি হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে শাহআলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ঢোকে। পরে প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়।
এরপর পরিবার পরিকল্পনা সেবার জন্য ব্যবহৃত আরেকটি সেমিপাকা ঘর ও এর আসবাবপত্রে ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত করে।
অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সরঞ্জাম, দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি এবং তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। চলে যাওয়ার সময় নৈশপ্রহরীদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়া হয়। পরে সেখানে দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহআলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)