রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
সংগৃহীত ছবি
আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ। চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
আদালতে দেয়া আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, মাকছুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য তদন্তের অগ্রগতিতে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে কী ধরনের তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
এর আগে রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয়া হয়।
এ ঘটনায় রোববার রাতে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
মরিয়মের বাবার অভিযোগ, আসামিরা তার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছেন। তিনি বিশেষ করে ওবায়দুর রহমানকে এ ঘটনার মূল হোতা হিসেবে দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মামলায় গ্রেপ্তার দেখানোর পর সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাজী নজরুল ইসলাম ও মাকছুদাকে শেরেবাংলা নগর থানা থেকে আদালতে নেয়া হয়। সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)