মরিয়মের মৃত্যু: এমপি নজরুলসহ দুজনের রিমান্ড চায় পুলিশ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার তাদের আদালতে হাজির করে এ আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই আসামির রিমান্ড আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
মরিয়মের বাবা এস এম মাসুম বিশ্বাসের করা মামলায় গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, চলতি বছরের জুনে ইসলামী শরিয়াহ অনুযায়ী গাজী নজরুল ইসলামের সাথে মরিয়মের বিয়ে হয়। এরপর স্বামী ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন মরিয়মের বাবা। পরিবারের সদস্যদের কাছেও মরিয়ম এসব বিষয়ে জানিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০ সেপ্টেম্বর বিকেলে গাজী নজরুল ইসলাম ফোন করে মরিয়মের বাবাকে ন্যাম ভবনের বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, একটি কক্ষে মরিয়ম ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরিয়মের বিছানায় হাতে লেখা একটি কথিত ‘সুইসাইড নোট’ পাওয়ার কথাও এজাহারে উল্লেখ রয়েছে।
মরিয়মের বাবার দাবি, ওবায়দুর রহমানের প্ররোচনায় তার মেয়ের সাথে নজরুল ইসলামের বিয়ে হয়। পরে স্বামী ও প্রথম স্ত্রীর কথিত নির্যাতন এবং তাদের প্ররোচনার কারণে মরিয়ম আত্মহত্যা করেছেন। মামলার এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করবে পুলিশ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)