আসিফের অর্থ পাচার: বিদেশে তথ্য চাইতে পারে দুদক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদক সচিব বলেন, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে এবং অনুসন্ধান ও তদন্ত এখনো চলমান। তদন্তে যে তথ্য পাওয়া যাবে, তার ভিত্তিতেই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এখানে ইচ্ছামতো বা মনগড়া সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই।
আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান খান বলেন, অনেক ধরনের বক্তব্য আসছে। দুদক কীভাবে কাজ করছে, তা পর্যবেক্ষণ করলেই অভিযোগের সত্যতা কিংবা সংস্থাটির উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে এমএলআর (Mutual Legal Assistance Request) পাঠানো হবে। যেসব দেশে অর্থ পাচারের অভিযোগের তথ্য রয়েছে, প্রয়োজন অনুযায়ী সেসব দেশের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।
তিনি জানান, অনুসন্ধানে অভিযোগের সারবত্তা পাওয়া গেলে দুদক পরবর্তী ধাপে এগোবে। আর অনুসন্ধান ও তদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশনই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)