Logo
×

Follow Us

আইন-আদালত

নতুন বিয়ের কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য যুক্ত করতে হাইকোর্টের রুল

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

নতুন বিয়ের কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য যুক্ত করতে হাইকোর্টের রুল

ফাইল chচবি

বিয়ে সংক্রান্ত তথ্য গোপন ও প্রতারণা ঠেকাতে কাবিননামায় বর-কনের আগের ও বর্তমান বিয়ে, সন্তান এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ ও যাচাইয়ের ব্যবস্থা করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বিষয়ে করা এক রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও তানজিলা রহমান জুই।

এর আগে গত ২৬ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান কাবিননামা সংশোধনের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন। এতে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে বিবাদী করা হয়।

রিটে বলা হয়, বর্তমানে প্রচলিত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ফরম ঘ’-তে বর ও কনের আগের ও বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও তালাক নিবন্ধন, সন্তান এবং আগের সম্পর্ক থেকে তৈরি ভরণপোষণ, অভিভাবকত্বসহ চলমান আইনগত দায়দায়িত্বের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।

আবেদনে আরো উল্লেখ করা হয়, প্রচলিত কাবিননামায় বরের বিদ্যমান স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতির বিষয়ে তথ্য চাওয়া হলেও তার আগের সব বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নেই। একইভাবে কনের আগের বৈবাহিক ইতিহাস যাচাইয়ের ক্ষেত্রেও সমতাভিত্তিক ব্যবস্থা নেই।

রিটকারীর দাবি, গুরুত্বপূর্ণ এসব তথ্য গোপন করে নতুন বিয়ের সুযোগ থাকায় প্রতারণা ও পারিবারিক বিরোধ তৈরি হতে পারে। এতে নতুন বিয়ের সিদ্ধান্ত নেয়া ব্যক্তি প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আগের স্বামী বা স্ত্রী ও সন্তানদের আইনগত অধিকারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

রিটে বর-কনের আগের ও বর্তমান সব বিয়ের তথ্য, সন্তানদের বিবরণ, চলমান ভরণপোষণ ও অভিভাবকত্বসহ অন্যান্য আইনগত দায় এবং জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর কাবিননামায় অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার দাবি জানানো হয়।

এসব তথ্য যুক্ত করে কাবিননামার সংশ্লিষ্ট ফরম সংশোধন ও হালনাগাদে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। একই সাথে নাগরিকদের পারিবারিক জীবন ও অধিকার সুরক্ষায় কাবিননামার ফরম সংশোধনের নির্দেশ কেন দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান জানান, আবেদনটিতে আইন মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

মন্তব্য করুন