সাবেক বিচারকদের পাসপোর্টে ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
ফাইল ছবি
অবসরের পর সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্র তাদের মর্যাদা ও পরিচয় যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট দিয়ে থাকে। অবসরের পর সাধারণ পাসপোর্টের জন্য আবার গোয়েন্দা যাচাইয়ের শর্ত আরোপ করা অযৌক্তিক ও ভিত্তিহীন।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ গত ২ সেপ্টেম্বর এ রায় দেন। বুধবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীসহ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও তাদের স্ত্রীদের কোনো অতিরিক্ত গোয়েন্দা ভেরিফিকেশন ছাড়াই সাধারণ পাসপোর্ট ইস্যু করে তা হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছিল, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক ও তাদের স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার অধিকারী। বিচারকের পদ থেকে অবসর বা পদত্যাগের পর কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। এর আগে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অতিরিক্ত গোয়েন্দা প্রতিবেদনের বাধ্যবাধকতা ছিল না।
তবে ২০২৪ সালের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্মারকে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণকারীদের সাধারণ পাসপোর্ট দেওয়ার আগে দুটি গোয়েন্দা সংস্থার সন্তোষজনক প্রতিবেদন নেওয়ার শর্ত দেওয়া হয়। এর ফলে সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি হয়।
এরই মধ্যে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ইমান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। তবে গোয়েন্দা ক্লিয়ারেন্স না পাওয়ার কারণ দেখিয়ে তাকে পাসপোর্ট দেয়া হয়নি। এতে তিনি বিদেশ ভ্রমণেও সমস্যার মুখে পড়েন।
পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতি নিয়ে হাইকোর্ট বিভাগের প্রোটোকল অফিসার মো. রোমান ভূঁইয়া প্রশাসনিক এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। পরবর্তীতে রুলের নিষ্পত্তি করে সাবেক বিচারকদের সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে অতিরিক্ত গোয়েন্দা ভেরিফিকেশনের শর্ত অবৈধ ঘোষণা করে এ রায় দেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)