Logo
×

Follow Us

আইন-আদালত

হাইকোর্টের জামিন পেলেন বিদিশা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

হাইকোর্টের জামিন পেলেন বিদিশা

য়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফজলুর রহমান ও আইনজীবী মো. মাসুদ মিয়া।

এর আগে গত ২ সেপ্টেম্বর বিদিশার জামিন আবেদন খারিজ করে দেন ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির। ওই আদেশের পর হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে করা মামলাটিতে গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর কারাগারে থাকা অবস্থায় নিম্ন আদালতে জামিন আবেদন করেন তিনি। আবেদন নামঞ্জুর হলে হাইকোর্টের দ্বারস্থ হন বিদিশা।

মন্তব্য করুন