দুই হত্যা মামলায় রিয়াজের জামিন আবেদন খারিজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
চিত্রনায়ক রিয়াজ
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার আবেদন ফিরিয়ে দেন।
রিয়াজের বিরুদ্ধে করা মামলাগুলোর একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে সেটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
মামলাটিতে আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।
এ ছাড়া মামলায় ১৫ জন সাংবাদিক ও ১৩ জন শিক্ষককে আসামি করা হয়েছে। সাংবাদিকদের মধ্যে রয়েছেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহা। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুন। মামলায় ইমরান এইচ সরকার ও লাকী আক্তারের নামও রয়েছে।
জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের করা অপর একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন গ্রহণ না করে ফিরিয়ে দেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)