শাপলা চত্বর মামলায় হাসিনা-বেনজীরসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
হাসিনা-বেনজীরসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে পলাতক আসামিদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিশেষ আদালত এ আদেশ দেন।
এর আগে সকালে গ্রেপ্তার হওয়া ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি রয়েছেন। তবে অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।
মামলার নথি অনুযায়ী, গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক মন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক মোজাম্মেল বাবু।
প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে আসামিদের পারস্পরিক যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হেফাজতে ইসলামকে নির্মূলের উদ্দেশ্যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এ ঘটনায় পরিকল্পনা, নির্দেশনা ও বাস্তবায়নে আসামিদের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)