এনএসআইয়ের দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম
সংগৃহীত ছবি
ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই কর্মকর্তা হলেন এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং যুগ্ম পরিচালক বদরুল আহমেদ। সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির পৃথক আদেশে তাদের বিদেশযাত্রা বন্ধের নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার দুই কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক আবেদন করেন।
আদালতে দেওয়া আবেদনে দুদক জানায়, অভিযুক্ত দুই কর্মকর্তা দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান ও তদন্ত চলাকালে তারা বিদেশে চলে গেলে তাদের মাধ্যমে পাচার বা অবৈধভাবে অর্জিত অর্থের সন্ধান ও তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
দুদক সূত্রে জানা যায়, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি এবং পদমর্যাদার প্রভাব ব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অন্যদিকে যুগ্ম পরিচালক বদরুল আহমেদের বিরুদ্ধে অর্থ পাচারের একটি সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত করছে দুদক।
আদালতের আদেশে বলা হয়েছে, অভিযুক্তদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৮২৪/২০২১-এর ২০২১ সালের ১৬ মার্চের রায়ে দেওয়া নির্দেশনা অনুসরণ করা হয়েছে।
ওই নির্দেশনার আলোকে দুদকের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে সোমবার আদালতে পৃথক আবেদন করা হয়। আবেদনের সঙ্গে দাখিল করা নথিপত্র পর্যালোচনা শেষে আদালত তা মঞ্জুর করেন এবং দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)