Logo
×

Follow Us

আইন-আদালত

সাগর-রুনি হত্যা: প্রতিবেদন ৩০ সেপ্টেম্বর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

সাগর-রুনি হত্যা: প্রতিবেদন ৩০ সেপ্টেম্বর

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থা ১২৯তমবারের মতো সময় পেল।

বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন করে ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ সময়েও মামলার তদন্ত শেষ না হওয়ায় তদন্তের দায়িত্ব নিয়ে একাধিকবার পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্ত র‌্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি ও কাজ চলমান থাকার কথা জানিয়ে সময় চায়। ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি শেষে আদালত তদন্তের জন্য আরও ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়।

তবে ওই সময়ের মধ্যেও তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। এরপর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও সময় দেওয়া হয়।

দীর্ঘ ১৪ বছর ধরে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এখনো জমা না হওয়ায় বিচারপ্রক্রিয়া শুরু নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। নতুন ধার্য করা ৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হয় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন