সালমান শাহ হত্যা: ডনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম
ডনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। বিষয়টি রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম জানিয়েছেন।
সিআইডির রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তদন্ত কর্মকর্তার ধারণা, তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কী কারণে এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৯ আগস্ট ভোরে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ওই দিনই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সালমান শাহের মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়ার পর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করা হয়। সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি করেন।
মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ, লতিফা হক লুছি, আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন সালমান শাহের মামা রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে সালমান শাহের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তাঁর মৃত্যুকে ঘিরে বিভিন্ন সন্দেহের কথা তুলে ধরা হয়েছে। এজাহারে দাবি করা হয়, মৃত্যুর দিন তাঁকে বাসায় নিথর অবস্থায় পাওয়া যায় এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করা হয়।
সালমান শাহের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরীও ছেলের মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে আবেদন করেছিলেন। সেখানে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া এবং সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন করা হয়। বাবার মৃত্যুর পর তাঁর বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলমগীর।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)