Logo
×

Follow Us

আইন-আদালত

নুসরাত হত্যা মামলার রায় আজ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম

নুসরাত হত্যা মামলার রায় আজ

ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (২৪ আগস্ট)। ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষে অগ্রাধিকার ভিত্তিতে এ রায় ঘোষণা করবেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ দ্বৈত বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন ও মোহাম্মদ শিশির মনিরসহ অন্য আইনজীবীরা।

২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ওই রায়ে মামলার ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম, শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার শিক্ষার্থী নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মণি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।

দেশে নারী ও শিশু নির্যাতনের আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গত ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন। ওই বেঞ্চেই নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন হয়।

মামলাটি দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সমন্বয়ে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে একটি বিশেষ টিমও কাজ করে। আজকের রায়ের মধ্য দিয়ে নুসরাত হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন হবে।

মন্তব্য করুন