Logo
×

Follow Us

অন্যান্য

সমাজসেবায় ১,৪৮৫ পদে নিয়োগ, পরীক্ষা কবে?

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

সমাজসেবায় ১,৪৮৫ পদে নিয়োগ, পরীক্ষা কবে?

সমাজসেবায় ১,৪৮৫ পদে নিয়োগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ১ হাজার ৪৮৫ জন নিয়োগের প্রক্রিয়া এগোলেও এখনো পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও লিখিত বা নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়নি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন-৪) মাসুমা সুলতানা জানিয়েছেন, নিয়োগ পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কবে পরীক্ষা হতে পারে, সে বিষয়েও কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও বিভাগীয় নিয়োগ প্রদান কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ নিয়োগে মোট কতজন আবেদন করেছেন, সেই তথ্যও এখনো অধিদপ্তরের হাতে পৌঁছেনি। টেলিটকের কাছ থেকে আবেদনকারীদের তথ্য পাওয়ার পর এ বিষয়ে জানা যাবে।

 ৫২ ক্যাটাগরিতে নিয়োগ

২০২৬ সালের ২৪ মে সমাজসেবা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের ৫২ ক্যাটাগরির পদে ১ হাজার ৪৮৫ জন নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। পদগুলোতে এসএসসি থেকে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করার সুযোগ পান।

টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন নেয়া হয়। আবেদন শুরু হয় ২ জুন সকাল ১০টায় এবং শেষ হয় ২৩ জুন বিকেল ৫টায়। এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ ও ৯ জুন সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এবার সংশোধিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। আগের বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করতে হয়নি।

 পরীক্ষার অপেক্ষায় প্রার্থীরা

আবেদন শেষ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়ায় চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

ফলে সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে চাকরির জন্য আবেদন করা প্রার্থীদের আপাতত নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশের অপেক্ষায় থাকতে হচ্ছে।

মন্তব্য করুন