এনটিআরসিএতেই হবে শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের আবারও প্রিলিমিনারি, লিখিত ও এমসিকিউ ধাপ পেরিয়ে নিবন্ধন সনদ অর্জন করতে হবে। একই সাথে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্বও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই থাকছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। এতে এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর আগের সিদ্ধান্ত বাতিল করে প্রচলিত নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা আগের পদ্ধতিতেই নেওয়া হবে। এ বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন সিদ্ধান্তের বিষয়ে পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএর নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পরীক্ষার ধাপগুলো আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে পরিচালিত হবে। নিবন্ধন সনদ অর্জনের পর সংশ্লিষ্ট প্রার্থীরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)