Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম

ভারতে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বদরীনাথ থেকে ফেরার পথে রাজ্যের চামোলি জেলার জোশীমঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টানা বৃষ্টি ও ঘন মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জোশীমঠের হাথি পর্বতের পেছনে ছায়ি গ্রামের কাছে হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এক কর্মকর্তা জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউসের অদূরে পাহাড়ের গায়ে এটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও পাঁচজন যাত্রী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি দুপুর ১টা ১৪ মিনিটে বদরীনাথ থেকে উড্ডয়ন করেছিল।

জোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ বলেন, ‘সেনাবাহিনী এবং আমাদের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী ধামি লিখেছেন, ‘জোশীমঠের কাছে ছায়ি গ্রামের আশপাশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) পক্ষ থেকে যৌথ তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমি নিজে পুরো বিষয়টির ওপর নজর রাখছি। গুরুতর আহতদের চিকিৎসার জন্য আকাশপথে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছি।’

হেলিকপ্টারটির পাঁচ যাত্রী হলেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচ এস নটরাজ। তারা সবাই বেঙ্গালুরুর বাসিন্দা। বদরীনাথে তীর্থযাত্রা শেষে ফিরছিলেন তারা। নিহত তীর্থযাত্রীদের মধ্যে একজন পুলিশকর্মী ও একজন আইনজীবী ছিলেন। হেলিকপ্টারটির পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু। তিনি দিল্লির বাসিন্দা।

প্রতিকূল আবহাওয়া, অবিরাম বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। উত্তরাখণ্ডের বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের। প্রাথমিকভাবে হেলিকপ্টারটিকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। জোশীমঠ উপত্যকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা যায়নি।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন