Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনায় এগিয়ে থেকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। সর্বশেষ প্রকাশিত ফল অনুযায়ী, তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে জয় পেয়েছেন বামপন্থি এই নেতা।

বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তখন পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছিল। গণনা করা ভোটের মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ এবং ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় ভোটের শেষ পর্যায় পর্যন্ত ফল নিয়ে অনিশ্চয়তা ছিল।

ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে এবং দেশটির একজন সিনেটর। এর আগে নির্বাচনে জাইর বলসোনারোকে পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন লুলা। এবার বাবার পরিবর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও লুলার কাছে হারতে হলো ফ্লাভিওকে।

জাইর বলসোনারোর বিরুদ্ধে সামরিক বাহিনীর সহায়তায় অভ্যুত্থানের চেষ্টা এবং নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করার অভিযোগ উঠেছিল। বিভিন্ন আইনি জটিলতার কারণে তিনি এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি। ফলে তার ছেলে ফ্লাভিও নির্বাচনী লড়াইয়ে নামেন।

গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। ওই দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দেশটির নির্বাচনী বিধান অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম দফায় ফ্লাভিও এগিয়ে থাকলেও পরবর্তী দফায় ভোটের ফল তার বিপক্ষে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালের পর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া কোনো প্রার্থীর দ্বিতীয় দফায় পরাজিত হওয়ার ঘটনা এবারই প্রথম।

আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্যও পরিচিত লুলা দ্য সিলভা। তার আগের মেয়াদে ২০১০ সালে ব্রাজিল লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তী সময়ে গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে লুলা কঠোর সমালোচনা করেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণেও গাজায় সহিংসতার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লুলা। ইসরাইলের সামরিক অভিযানকে হলোকোস্টের সাথে তুলনা করে মন্তব্য করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ে। পরে ইসরাইল লুলাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে। এর জবাবে ব্রাজিল তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

লুলার এই জয় ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দেশটির পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার অবস্থান বিশ্বরাজনীতিতে গুরুত্ব পেতে পারে।

মন্তব্য করুন