Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে আজ হামলার হুমকি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম

ইরানে আজ হামলার হুমকি ট্রাম্পের

ছবিঃ আল জাজিরা

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) ইরানে হামলা শুরু হতে পারে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে বড় ধরনের চুক্তিতে সম্মত হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি অনুযায়ী, রোববারই এ হামলা শুরু হতে পারে। গত কয়েক দিন ধরেই ইরানে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর আশঙ্কা নিয়ে আলোচনা চলছিল।

ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী। তবে চুক্তি হলে তেহরান সেটি যথাযথভাবে মেনে চলবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তার অন্যতম প্রধান লক্ষ্য।

এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বি-২ বোমারু বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ওই হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, চলতি বছর আবারও হামলার সিদ্ধান্ত না নিলে আগের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সম্ভব হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যেত।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগের মতোই তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে বাধ্য করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে হয়তো সামরিক অভিযান চালিয়ে লক্ষ্য অর্জন করতে হবে, অথবা ইরান চুক্তিতে সম্মত হবে। তার দাবি, সামরিক পদক্ষেপ কিংবা সমঝোতা—যে পথেই হোক, যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জন করবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ বক্তব্য নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। তবে রবিবার হামলা হবে কি না, কিংবা দুই দেশের মধ্যে কোনো চুক্তি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: আনাদোলু

মন্তব্য করুন