প্যারিসে তীব্র বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম
সংগৃহীত ছবি
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং তরুণদের উদ্বেগ মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচির শুরুতে পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও শেষ দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টির মধ্যে প্যারিসের সড়কে কাঁদানে গ্যাসের ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশে থাকা কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংঘর্ষের দৃশ্য দেখছিলেন। তাঁদের মধ্যে ২৩ বছর বয়সী মাইক বলেন, তরুণদের সমস্যা ও উদ্বেগকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না ফ্রান্সের বয়স্ক জনগোষ্ঠী। এ অসন্তোষ থেকেই তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন।
বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছুড়লে পুলিশ পাল্টা ধাওয়া দেয় এবং লাঠিপেটা করে। পুলিশের এমন পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাইক ও তাঁর বন্ধুরা। মাইকের প্রশ্ন, বিক্ষোভে অংশ নেওয়া কিশোর-কিশোরীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা কতটা যৌক্তিক।
একই ধরনের উদ্বেগ জানিয়েছেন ২৪ বছর বয়সী শিক্ষার্থী জেসিকা। তার মতে, বিক্ষোভ দমনে পুলিশের সহিংস আচরণ মানুষের প্রতিবাদ জানানোর অধিকারকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, এত সহিংসতার কারণ বুঝতে পারছেন না এবং পরিস্থিতিকে প্রতিবাদের অধিকারের ওপর আঘাত হিসেবে দেখছেন।
এর আগে এক সপ্তাহের ব্যবধানে দাঙ্গার ঘটনা ঘটায় নতুন করে বিক্ষোভ মোকাবিলায় ফরাসি সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠে। এ পরিস্থিতিতে শনিবার দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। প্যারিসের মূল মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়ন সিজিটির হিসাবে পার্থক্য রয়েছে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। অন্যদিকে আয়োজক ইউনিয়নের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার।
গত সেপ্টেম্বরের শেষ দিকে ফ্রান্সে এ আন্দোলনের সূচনা হয়। প্রথমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ নিয়ে প্রতিবাদ শুরু করেন। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষ ছড়িয়ে পড়লে আন্দোলন দেশজুড়ে বিস্তৃত হয়। এতে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন যুক্ত হয়।
শনিবার প্যারিসের পূর্বাঞ্চলের সড়ক দিয়ে মিছিল এগিয়ে যাওয়ার সময় লাউডস্পিকারে গান বাজানো হয় এবং বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। অনেক জায়গায় পরিবেশ ছিল উৎসবমুখর। ব্যঙ্গাত্মক বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে নিয়েও অংশ নেন অনেকে। আবাসিক ভবনের জানালা থেকে বাসিন্দারা মিছিলকারীদের অভিবাদন জানান। কোথাও কোথাও বিক্ষোভকারীদের স্বতঃস্ফূর্ত নাচতেও দেখা যায়।
তবে মিছিলের শেষ অংশ নির্ধারিত স্থানের দিকে পৌঁছালে পরিস্থিতির অবনতি ঘটে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি অবস্থান করছিল। এএফপির এক সাংবাদিকের পর্যবেক্ষণ অনুযায়ী, পুলিশ একাধিকবার বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় এবং কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে। সংঘর্ষে তরুণ বিক্ষোভকারীরাও ছিলেন।
ডেভিড নামের এক বিক্ষোভকারী জানান, পুলিশের এক কর্মকর্তা তার দিকে লাঠি ছুড়ে মারলে তিনি আহত হন। তার মুখে কাটা দাগ দেখা যায়। ডেভিডের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের পেছনে সরে যেতে নির্দেশ দেয়ার পাশাপাশি অনেককে ফেলে দিয়ে মারধর করেছে।
রাত বাড়ার সাথে সাথেপুলিশ সড়কগুলো খালি করতে শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যান। সংঘর্ষের ঘটনায় হতাশা প্রকাশ করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছেন জেসিকা। তাঁর ভাষ্য, নিজেদের অধিকার আদায়ের জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করছে।
জেসিকার বন্ধু ২৪ বছর বয়সী ব্রায়ানও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রতি শনিবার বিক্ষোভ করতে হলে তাঁরা প্রতি শনিবারই রাজপথে উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)