মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ এএম
মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানায়, মক্কা ও মদিনার দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়েছে।
বিবৃতিতে বলা হয়, মক্কার বাইরে ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের একটি জনবসতিহীন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
এদিকে, মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তার বক্তব্য, পবিত্র এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে বলে সৌদি পক্ষ যে অভিযোগ তুলেছে, তা ভিত্তিহীন।
এর আগে শনিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সতর্কতার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে মক্কাও ছিল। এ সময় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর কয়েক ঘণ্টা আগে হুথিরা দাবি করে, শুক্রবার ও শনিবার সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে তাদের বাহিনী। তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি ছিল।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
হুথিদের ভাষ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং অপরিশোধিত তেল উত্তোলন ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোও হামলার লক্ষ্য ছিল। এসব স্থাপনার মধ্যে পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশন রয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারও শনিবার হুথিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। দেশটির সরকারের দাবি, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের একটি স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন
logo-1-1772191739.png)