Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জাতিসংঘের 'বিশ্ব ডেটা ফোরাম ২০২৭' স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

জাতিসংঘের 'বিশ্ব ডেটা ফোরাম ২০২৭' স্থগিত

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জাতিসংঘের বিশ্ব ডেটা ফোরাম এক বছর পিছিয়ে ২০২৭ সালে নেয়া হয়েছে। একই সাথে দ্বিতীয় সৌদি পরিসংখ্যান ফোরামও স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ষষ্ঠ জাতিসংঘ বিশ্ব ডেটা ফোরাম এবং দ্বিতীয় সৌদি পরিসংখ্যান ফোরাম আগামী ৯ থেকে ১২ নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন করে নির্ধারিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে বক্তা, বিশেষজ্ঞ ও অংশীদারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈশ্বিক তথ্য ও পরিসংখ্যান খাতের প্রত্যাশা পূরণ করতেই ফোরাম দুটি পিছিয়ে দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত জাতিসংঘের পরিসংখ্যান বিভাগের সাথে সমন্বয় করে নেয়া হয়েছে।

এদিকে, সৌদি আরবের বড় বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ও ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। সম্মেলনটি ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের সংঘাত ও হামলার কারণে সৌদি আরবে ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনের ওপর প্রভাব পড়েছে।

জাতিসংঘের বিশ্ব ডেটা ফোরামে বিভিন্ন দেশের সরকারি পরিসংখ্যান সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, গবেষক, শিক্ষাবিদ, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তথ্যের ব্যবহার, পরিসংখ্যানের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তথ্যভিত্তিক সহযোগিতা বাড়ানো এই ফোরামের অন্যতম উদ্দেশ্য।

নতুন তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত ফোরাম দুটি ২০২৭ সালে ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা অনিশ্চিত থাকছে। সূত্র: রয়টার্স

মন্তব্য করুন