সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, গত ৪৮ ঘণ্টায় রিয়াদ, ইয়ানবু, আবহা ও দাম্মামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে হুথিদের দাবির পূর্ণাঙ্গ স্বাধীন যাচাই পাওয়া যায়নি।
এদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সন্ধ্যায় হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। একই ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
জিএসিএর তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি ও একজন নেপালি রয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, বুধবার দাম্মাম বিমানবন্দর ও সৌদি আরামকোর তেল স্থাপনায় পৃথক হামলার ঘটনায় মোট চারজন নিহত এবং আরো ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতদের বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে দেয়া তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে।
উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ সামরিক, জ্বালানি ও বিমান পরিবহন অবকাঠামোতে হামলার এ দাবিকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব স্থাপনায় হামলার প্রকৃত ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)