Logo
×

Follow Us

আন্তর্জাতিক

এক গ্রাম ইউরেনিয়ামও ইরান থেকে বাইরে নেয়া হবে না: মোহসেন রেজায়ি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

এক গ্রাম ইউরেনিয়ামও ইরান থেকে বাইরে নেয়া হবে না: মোহসেন রেজায়ি

ছবি: সংগৃহীত

এক গ্রামও সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে বাইরে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।

বৃহস্পতিবার (২২অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন। 

রেজায়ি বলেন, ইরানের কোনো সমৃদ্ধ পারমাণবিক উপাদানই দেশের বাইরে নেয়া হবে না। এসব উপাদান ইরানি জনগণের জন্য বড় সম্পদ ও জাতীয় সম্পদ এবং দেশের ভেতরেই ব্যবহারের জন্য রাখা হবে।

তিনি আরো বলেন, আমেরিকা আস্থা পুনর্গঠনের জন্য পদক্ষেপ না নেয়া পর্যন্ত ইরানের সাথে কোনো আলোচনা হবে না। এ প্রক্রিয়া শুরু করতে হলে আমেরিকাকে প্রথমে ইরানের শর্তগুলো পূরণ করতে হবে।

ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতার মধ্যেই মুনির তেহরান সফর করেন। সফরে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাগের কালিবাফ ও রেজায়ির সঙ্গে বৈঠক করেন তিনি। পাকিস্তান ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার অন্যতম প্রধান বিরোধের জায়গা হচ্ছে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত। আমেরিকা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবি জানিয়ে আসছে। এর বিপরীতে তেহরান সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তবে রেজায়ি দেশের ভেতরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমানোর সম্ভাবনা নাকচ করেননি। ইরান এর আগে এমন প্রস্তাব দিয়েছিল।

ইরানের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দেশটির পারমাণবিক কর্মসূচিকে সার্বভৌম অধিকার ও জাতীয় অর্জন হিসেবে তুলে ধরে আসছে। মঙ্গলবার রেজায়িও সমৃদ্ধ পারমাণবিক উপাদানকে ইরানের জনগণের ‘জাতীয় সম্পদ’ হিসেবে উল্লেখ করেন।

সূত্র: এএফপি, রয়টার্স, আল জাজিরা

মন্তব্য করুন