সৌদির বিমানবন্দরে হামলা, নিহত ১ আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম
ছবিঃ আল জাজিরা
সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।
কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, অন্যদের আঘাত তুলনামূলক কম। হামলার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এ ঘটনার পর সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এতে বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মার্কিন কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নাজিলি জানিয়েছেন, হুতি বাহিনী একই দিনে চতুর্থবারের মতো আল-রাইয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার ফলে ইয়েমেনের সাধারণ মানুষের চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি আল জাজিরাকে জানিয়েছেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ধেয়ে আসা চারটি ড্রোন দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ জন এবং আবহা বিমানবন্দরে দুজন নিহত হওয়ার তথ্য দেয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে সেখানে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশের আবহা বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হন। জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরেও হামলায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে হতাহতের সংখ্যা আরো বেড়েছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় আহতের মোট সংখ্যা ৩৬৪ জন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)