নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির কার্যক্রম চালুর জন্য ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক। আদালতের এ আদেশের ফলে গ্রিন কার্ড লটারিতে অংশ নিতে আগ্রহী সম্ভাব্য আবেদনকারীদের জন্য নিবন্ধনের সুযোগ পুনরায় চালুর পথ তৈরি হয়েছে।
আদালত মার্কিন পররাষ্ট্র দপ্তরকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিভি লটারির নিবন্ধনসূচি প্রকাশ এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করার নির্দেশ দিয়েছেন। গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম অন্তত ৩০ দিন চালু রাখার কথা বলা হয়েছে। তবে আবেদনের চূড়ান্ত সময়সূচি, যোগ্যতার মানদণ্ড ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দেয়া হয়েছে।
রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান এ মামলাটি দায়ের করে। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত ডিভি লটারি কর্মসূচি স্থবির করে রেখেছে। এর ফলে সম্ভাব্য আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লটারি-সংক্রান্ত আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটিও আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে আদালতে দাবি করা হয়।
মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে জবাবদিহির আওতায় আনা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর আবেদন গ্রহণ শুরু করলে কর্মসূচির বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বিচারকের পর্যবেক্ষণ ছিল, কেবল সময়সীমা পেরিয়ে যাওয়ার অজুহাতে কংগ্রেস অনুমোদিত এ কর্মসূচি বন্ধ রাখা যায় না। এ যুক্তিতেই তিনি ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম চালুর নির্দেশ দেন।
ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি, যা সাধারণত গ্রিন কার্ড লটারি নামে পরিচিত, যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন কর্মসূচি। এর আওতায় যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠায়-এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা বরাদ্দ দেয়া হয়। এ লটারিতে নির্বাচিত হয়ে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।
অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার মতো এ লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব বা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয় না। তবে লটারিতে নাম উঠলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না। নির্বাচিত আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাই সম্পন্ন করতে হয়।
আবেদনের জন্য সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা বা সমমানের যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও দরকার হতে পারে।
আদালতের নির্দেশনার পর ডিভি লটারির নিবন্ধন পুনরায় চালু হলে যোগ্য দেশগুলোর আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সুযোগ পেতে পারেন। তবে আবেদন করার আগে নিবন্ধনের সময়সূচি, যোগ্যতার শর্ত ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা যাচাই করে নেয়া জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)