ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে প্রকাশ্য সমর্থন দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
সংগৃহীত ছবি
ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, তিনি পুনর্নির্বাচিত না হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে একাই দায়িত্ব নিতে হতে পারে।
রবিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে লড়াই এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইসরাইলের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও তুলে ধরেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, ইসরাইলের জনগণ যদি নেতানিয়াহুর পরিবর্তে অন্য কাউকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, তাহলে ইরানকে মোকাবিলার দায়িত্ব যুক্তরাষ্ট্রকে একাই নিতে হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, এমন পরিস্থিতি তিনি চান না।
নির্বাচনের মাত্র নয় দিন আগে ট্রাম্পের এই বক্তব্যকে নেতানিয়াহুর প্রতি সরাসরি নির্বাচনি সমর্থন হিসেবে দেখা হচ্ছে। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নানা সংকট, বিরোধীদের চাপ ও কঠিন পরিস্থিতির মধ্যেও নেতানিয়াহু দৃঢ়তা দেখিয়েছেন। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরাইল যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা মোকাবিলায় তার নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প।
নেতানিয়াহুর পুনর্নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়ে ট্রাম্প লেখেন, ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে ‘বিবি’ নেতানিয়াহুর প্রতি তার পূর্ণ ও নিঃশর্ত সমর্থন রয়েছে। নেতানিয়াহু ইসরাইলের জনগণকে হতাশ করবেন না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এই অবস্থান তার সাম্প্রতিক বক্তব্যের সাথে কিছুটা ভিন্ন। এর আগে বৃহস্পতিবার নিউজম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন জানাতে আগ্রহী নন বলে জানিয়েছিলেন তিনি। তবে রবিবারের পোস্টে নেতানিয়াহুকে ইরানবিষয়ক মার্কিন কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এদিকে, নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা ও মিত্র উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। এ বিষয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর নির্বাচনি জরিপ পরিচালনাকারী জন ম্যাকলাফলিনের সংশ্লিষ্টতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অসাধারণ সমর্থন ও যৌথভাবে কাজ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। দুই নেতা একসাথে তাঁদের লক্ষ্য পূরণ করবেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ট্রাম্পের বক্তব্যের অনুবাদ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকার সাথে হৃদয়ের প্রতীকযুক্ত একটি ছবিও প্রকাশ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী ও ধর্মীয় জায়নবাদী দলের নেতা বেজালেল স্মোত্রিচ। তিনি ট্রাম্পকে ইসরাইলের অন্যতম বড় বন্ধু হিসেবে উল্লেখ করে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদারে তার ভূমিকার প্রশংসা করেন।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজও নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে অভিযানের অবশিষ্ট লক্ষ্য অর্জনে দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)