Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নিয়োগের পাঁচ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

নিয়োগের পাঁচ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া নিয়োগের মাত্র পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কাউকে নিয়োগ দিতে আপাতত তাড়াহুড়ো করছেন না বলে জানিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি জাকারিয়াকে প্রেস সেক্রেটারির পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছিলেন।

হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমের সমালোচনার কারণে জাকারিয়া যেভাবে চাপের মুখে পড়েছেন, তা তার প্রাপ্য নয়। তিনি জাকারিয়াকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখার পরামর্শ দিয়েছিলেন বলেও জানান।

জাকারিয়া জানিয়েছিলেন, গত সপ্তাহে ফোনের মাধ্যমে তাঁকে এই পদের প্রস্তাব দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিনি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হন। পরে ট্রাম্প নিজেই তার নিয়োগের ঘোষণা দেন এবং তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দেন।

তবে দায়িত্ব গ্রহণের পরপরই তার আইন পেশায় যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ক্যালিফোর্নিয়ার পেপারডাইন ইউনিভার্সিটি ল স্কুল থেকে স্নাতক করা জাকারিয়া আইনজীবী হিসেবে কাজের জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় পাস করেননি। এ বিষয়টি তার নিয়োগ নিয়ে বিতর্ক আরো বাড়িয়ে তোলে।

মাত্র পাঁচ দিন দায়িত্ব পালন করে পদ হারানোর ঘটনায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে জাকারিয়ার মেয়াদ ট্রাম্প প্রশাসনের স্বল্পস্থায়ী নিয়োগগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগ পরিচালক হিসেবে অ্যান্থনি স্কারামুচি ১০ দিন দায়িত্ব পালন করেছিলেন।

আল জাজিরার প্রতিনিধি কিম্বার্লি হ্যালকেটের বিশ্লেষণ অনুযায়ী, জাকারিয়ার নিয়োগ ও দ্রুত পদত্যাগের ঘটনা ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার সময় রিপাবলিকান দলের জন্য এ ঘটনা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

সূত্র: আল জাজিরা।

মন্তব্য করুন