Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞের সমালোচনায় ওবামা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম

গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞের সমালোচনায় ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

গাজায় ইসরাইলের সামরিক অভিযান, প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ ও রক্তপাত চলছে, তা যেকোনো বিবেকবান মানুষের মনকে ব্যথিত করবে। ফিলিস্তিনিদের ভূমি হারানো এবং ইসরাইলের শক্তি প্রয়োগের কারণে দীর্ঘদিনের ক্ষোভ আরও গভীর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে গিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবামা। সেখানে প্রখ্যাত সাংবাদিক সুসান ম্যাককের সাথে আলোচনায় গাজা যুদ্ধ ও ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ওবামা বলেন, সামরিক শক্তির আধিপত্য দিয়ে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাদের বসতভিটা ও জমি কেড়ে নেয়ার ফলে ইসরাইল তার নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করেন তিনি।

ফিলিস্তিনিদের ভূমির অধিকার প্রসঙ্গে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউরোপে ইহুদিদের ওপর চালানো নিপীড়নের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই। তবে একই সাথে ফিলিস্তিনিদের জমি হারানো এবং তাদের ওপর সংঘটিত অন্যায়ও বিবেচনায় নিতে হবে। নিজেদের হারানো ভূমি ফিরে পাওয়ার জন্য ফিলিস্তিনিদের সংগ্রামকে তিনি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

ওবামার মতে, গাজায় বর্তমান পরিস্থিতি দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ ও সংঘাতের ফল। এই সংকটের স্থায়ী সমাধানে সামরিক শক্তির পরিবর্তে রাজনৈতিক বাস্তবতা ও মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বর্তমান ইসরাইলি সরকারকে বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও চলে যাবে না। নিজেদের কাছে যা গ্রহণযোগ্য নয়, তা ফিলিস্তিনিদের ওপর জোর করে চাপিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আনাদোলু।

মন্তব্য করুন