ইয়েমেনে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
ছবিঃ বিবিসি
ইয়েমেনের এডেন শহরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহত ও আহতদের মধ্যে প্রাসাদের নিরাপত্তাকর্মী এবং বেসামরিক কর্মীরাও রয়েছেন।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দক্ষিণ ইয়েমেনের বন্দরনগরী এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্রাসাদে এ হামলা চালানো হয়। ইয়েমেন সরকারের একটি সূত্রের দাবি, হামলায় পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার সময় সরকারের কয়েকজন সদস্য প্রাসাদের ভেতরে অবস্থান করছিলেন।
ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসেম বুহাইবেহ হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। হামলার পর প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি এবং সরকারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে সরকার।
এদিকে হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া কাসিম সারী দাবি করেছেন, এডেনে সৌদি সামরিক অভিযানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সৌদি সামরিক উপস্থিতি রয়েছে—এমন স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে জানান তিনি।
ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হয় ২০১৪ সালে। পরের বছর রাজধানী সানা দখল করে নেয় হুথি বাহিনী। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে। দীর্ঘদিনের সংঘাতে দেশটি কার্যত বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে পড়েছে। চলমান এই সংঘাতের ফলে ইয়েমেনে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাসংকট অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)