Logo
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে ডুবল আরো দুই জাহাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম

হরমুজ প্রণালির কাছে ডুবল আরো দুই জাহাজ

ছবিঃ রয়টার্স

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে গত ২৪ ঘণ্টায় দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। জাহাজ দুটির একটি কনটেইনারবাহী এবং অন্যটি শুকনো পণ্য পরিবহনে ব্যবহৃত হতো। এসব ঘটনায় একটি জাহাজের ২১ নাবিককে জীবিত উদ্ধার করা হলেও অন্য জাহাজে হামলায় একজন নাবিক নিহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘কেপ দাও’।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানায়, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় জিএফএস প্রাইড ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে জাহাজটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে এটি ডুবে যায়। জাহাজটিতে থাকা ২১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

অন্যদিকে, জাতিসংঘের নৌপরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় কেপ দাও। পরে হরমুজ প্রণালির কাছে জাহাজটি ডুবে যায়। ওই হামলায় একজন নাবিক নিহত হন। হামলার পর জাহাজটির অন্য নাবিকদের সরিয়ে নেয়া হয়েছিল।

আইএমওর জাহাজ দুর্ঘটনাসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর জিএফএস প্রাইড ও কেপ দাও হলো ডুবে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় জাহাজ।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সিঙ্গাপুরের এমপিএ। সংস্থাটির মতে, বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মারিস্কস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপত্তাঝুঁকি এখনো রয়েছে। এ ঝুঁকি শুধু তেলবাহী ট্যাংকারের মধ্যে সীমাবদ্ধ নয়; কনটেইনারবাহী ও শুকনো পণ্য পরিবহনকারী জাহাজও হামলার শিকার হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করছে ইরান। দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার জবাবে হামলা বাড়ানোর কথাও জানিয়েছে তেহরান। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা আরো বেড়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকলে এই অঞ্চলে নৌপরিবহন কার্যক্রম আরো ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন