যুদ্ধের পর অস্ত্রভান্ডার আরো শক্তিশালী করেছে ইরান: আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
ছবিঃ আল জাজিরা
সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের পর ইরানের অস্ত্রভান্ডারে আগের চেয়ে উন্নত ও আধুনিক অস্ত্র যুক্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মহেব্বি এ দাবি করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা হলে তার কঠোর জবাব দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
মহেব্বির মতে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত হবে। তবে সংঘাতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সাফল্য দেখাতে গিয়ে অপরিণামদর্শী কোনো পদক্ষেপ নিতে পারে।
আইআরজিসির মুখপাত্রের এই বক্তব্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য যেকোনো সংঘাত মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী প্রস্তুত। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তবে অস্ত্রভান্ডারে নতুন করে কী ধরনের অস্ত্র যুক্ত হয়েছে, সে বিষয়ে সাক্ষাৎকারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। আইআরজিসির এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা হয়েছে—এমন তথ্যও প্রতিবেদনে উল্লেখ নেই।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)