Logo
×

Follow Us

আন্তর্জাতিক

হুথি হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার, প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

হুথি হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার, প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকি এড়াতে তাঁকে বাঙ্কার সুবিধাসম্পন্ন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত একাধিক প্রাসাদে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, গত ৬ অক্টোবর একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে যুবরাজকে আর জনসমক্ষে দেখা যায়নি। তাঁর চলাচল সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুবরাজের নিরাপত্তায় বিশেষভাবে নির্বাচিত একটি দল নিয়োজিত রয়েছে। সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ায় এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জন আহত হন। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলে তাদের মিত্রদের ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।

প্রতিবেদন অনুযায়ী, হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। গত পাঁচ দিনে বিমানবন্দরটি চারবার হামলার শিকার হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব হামলা ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এ পরিস্থিতিতে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার জবাব দেয়া হবে ‘সমান কঠোরভাবে’।

হুথিদের বিরুদ্ধে অভিযানে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র

এদিকে, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সাথে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির মিত্ররা।

সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

২০২২ সালে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের প্রেক্ষাপটে সেই সমঝোতা ভেঙে পড়ে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: *দ্য ওয়াল স্ট্রিট জার্নাল*।

মন্তব্য করুন