Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদিতে হামলার মধ্যেও বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম

সৌদিতে হামলার মধ্যেও  বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

ছবিঃ আল জাজিরা

সৌদি আরবে হামলার আশঙ্কায় জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। টানা দরবৃদ্ধির পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম সামান্য কমেছে। রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনাও বাজারে দামের ওঠানামায় প্রভাব ফেলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের সমাপনী দর ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে পৌঁছায়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে সম্ভাব্য হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে। তবে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়তে পারে—এমন সম্ভাবনা সরবরাহ পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তি দিচ্ছে। সরবরাহ নিয়ে উদ্বেগ ও বাড়তি জ্বালানি পাওয়ার সম্ভাবনার মধ্যে ভারসাম্য তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা চলছে।

মন্তব্য করুন