Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম

দক্ষিণ কোরিয়ার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ছবিঃ রয়টার্স

দক্ষিণ কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক দিন পর সাগর অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার (১২ অক্টোবর) দেশটির পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র কার্যক্রমে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে। তবে মোট কতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ।

জাপানের কোস্টগার্ডও উত্তর কোরিয়া থেকে দুটি অজ্ঞাত বস্তু নিক্ষেপের তথ্য জানিয়েছে। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। বস্তু দুটি ইতোমধ্যে সাগরে পড়ে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। একই সাথে পিয়ংইয়ংকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে সিউল।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের ধারণা, সম্প্রতি দেশটির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া নতুন করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকতে পারে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জ্যাং দো-ইয়ং বলেন, দক্ষিণ কোরিয়ার পরীক্ষামূলক উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে হচ্ছে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশটির প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। কোনো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের উপস্থিতিতে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা বিরল। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, অস্ত্রটির উন্নয়ন সম্পন্ন হলে কোরীয় উপদ্বীপে সম্ভাব্য সামরিক সংঘাতের সময় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার সক্ষমতা বাড়বে।

এর আগে গত ৩ অক্টোবর উত্তর কোরিয়াও একটি হাইপারসনিক মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে অস্ত্রটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়।

কোরীয় উপদ্বীপে দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির এই প্রতিযোগিতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন