আমরা পিছু হটব না, মোদিকে রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সরকারের চাপ কিংবা গ্রেপ্তার অভিযান কোনো কিছুতেই তারা পিছু হটবেন না। ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর অক্ষুণ্ন রাখতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, ‘মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।’ তিনি দাবি করেন, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন।
ভিডিওবার্তায় রাহুল গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ওপর চাপ বাড়ছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন জোরদার হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বিক্ষোভকারীদের উদ্দেশে কংগ্রেস নেতা বলেন, সরকার চাইলে হাজার হাজার পুলিশ মোতায়েন করতে পারে কিংবা আন্দোলনকারী নেতা ও তরুণদের গ্রেপ্তার করতে পারে। তবে এসব পদক্ষেপে আন্দোলন থামবে না। তার ভাষায়, ‘আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।’
রাহুল গান্ধী আরো বলেন, সংবিধান রক্ষা এবং সাধারণ মানুষের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে তাদের হাতে প্রয়োজনীয় তথ্য রয়েছে। ভারতের তরুণদের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধানের ওপর যারা আঘাত হেনেছেন, তাদের পরাজিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
গত ১০ থেকে ১৫ বছরে ভারতে যেসব ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যেন সেগুলোর পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রাহুল গান্ধী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)