Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, বিদ্যুৎহীন ৫ লাখ পরিবার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম

ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, বিদ্যুৎহীন ৫ লাখ পরিবার

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেসটিন শহরের কাছে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। ক্যাটাগরি-২ মাত্রার এই ঘূর্ণিঝড়টি ২০২৬ সালের আটলান্টিক মৌসুমে যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রথম ক্যাটাগরি-২ হারিকেন। ঝড়ের প্রভাবে পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

শনিবার (১০ অক্টোবর) ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে সিএনএনের সরাসরি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় ফ্লোরিডার সান্তা রোসা বিচে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৬ কিলোমিটার বা ১১৬ মাইল রেকর্ড করা হয়। ফ্লোরিডার প্যানহ্যান্ডেল অঞ্চল অতিক্রম করে ঝড়টি ঘণ্টায় ৩১ কিলোমিটার গতিতে উত্তর দিকে অ্যালাবামার দিকে এগিয়ে যাচ্ছে।

হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় তীব্র বাতাসের পাশাপাশি ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফ্লোরিডা ও জর্জিয়ার কয়েকটি এলাকায় জলোচ্ছ্বাস, বন্যা ও টর্নেডোর সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া সংস্থা। ফ্লোরিডার এস্কেম্বিয়া কাউন্টির প্রায় ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঝোড়ো বাতাসে উড়ে আসা বিভিন্ন ধ্বংসাবশেষের কারণে সড়কেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে একাধিক সংগীত উৎসব বাতিল করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস বেশ কয়েকটি উদ্যান বন্ধ ঘোষণা করেছে।

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে অ্যালাবামার গভর্নর আইভির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৯ অক্টোবর হারিকেন মিল্টনের আঘাতের পর ইসাইয়াস যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

মন্তব্য করুন