Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দিল্লিতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ সহ তিন নেতা আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

দিল্লিতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ সহ তিন নেতা আটক

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও দলের দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রানকাকে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে পৌঁছানোর পর শনিবার (১০ অক্টোবর) তাঁদের আটক করা হয়।

দিল্লি যাওয়ার আগে অভিজিৎ দীপক জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হলেও তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি দাবি করেন, নিরাপত্তাব্যবস্থার কঠোরতা আরোপ করে সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে সরকার।

রাজধানীতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন এবং জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন সিজেপির এই প্রতিষ্ঠাতা। তার অভিযোগ, সরকারের পদক্ষেপের বিরোধিতা করা তরুণ ও সাধারণ নাগরিকদের কণ্ঠ রোধের চেষ্টা চলছে।

এদিকে সিজেপির ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে দিল্লির বিভিন্ন সড়কে কঠোর ট্রাফিক বিধিনিষেধ কার্যকর করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ব্যারিকেড বসানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি এবং সাধারণ মানুষের চলাচল পর্যবেক্ষণ করছেন নিরাপত্তাকর্মীরা। কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলের পথও পরিবর্তনের পরিকল্পনা নেয়া হয়েছে।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে মেট্রো চলাচলে বিধিনিষেধ, একাধিক ট্রেন বাতিল এবং রাজধানীর কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচিকে ঘিরেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

মন্তব্য করুন