Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন

ছবিঃ রয়টার্স

মধ্য আমেরিকার দেশ পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিভিন্ন এলাকার বাড়িঘর, গির্জা ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে ছয়টি প্রদেশে। পরিস্থিতির কারণে টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলও স্থগিত করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভূমিকম্পের পর এক ডজনের বেশি পরাঘাত অনুভূত হয়। রাজধানী পানামা সিটিসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৮ মাইল গভীরে। কম্পনের প্রভাবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল এবং দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করা হয়।

পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্টর লুক জানান, রাজধানী পানামা সিটিতে প্রায় ৪০ সেকেন্ড ধরে ভূকম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন স্থানে ভবন ও গির্জা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব জানা যায়নি।

এদিকে, ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা। দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে।

মন্তব্য করুন