Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহায়তা করতে চান পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহায়তা করতে চান পুতিন

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে সহায়তার জন্য রাশিয়া নিজেদের সামর্থ্যের মধ্যে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সংঘাত বন্ধে ইরান আন্তরিকভাবে চেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার পরও বারবার নতুন করে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন পেজেশকিয়ান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার পরও ইরান নতুন হামলার মুখে পড়ছে। তা সত্ত্বেও সংঘাতের সমাধানে তেহরান সংলাপের পথ পরিত্যাগ করবে না।

স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার থেকে ওই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে রাশিয়ার এই সহায়তার প্রস্তাব এবং ইরানের কূটনৈতিক আলোচনায় অবিচল থাকার অবস্থান যুদ্ধ বন্ধের সম্ভাব্য উদ্যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন