মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা ফলপ্রসূভাবে এগোচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সাথে চলমান আলোচনার বিষয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা চলছে।
ট্রাম্প আরো জানান, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো বহাল রয়েছে। তবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবে চলছে বলে দাবি করেন তিনি।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালানো হবে না বলে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের শর্ত এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ইরানের সুনির্দিষ্ট জবাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চললেও ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালির পরিস্থিতি দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে। আলোচনার পরবর্তী অগ্রগতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)