গাজায় প্রতি দেড় ঘণ্টায় নিহত বা আহত একজন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
ছবিঃ আল জাজিরা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক বছরে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৫৪ জন নিহত এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আন্তর্জাতিক মানবিক সংস্থা ইসলামিক রিলিফের হিসাব অনুযায়ী, এ সময়ে গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসলামিক রিলিফের এক বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অন্তত ৩২০টি শিশু রয়েছে। সংস্থাটির হিসাবে, গত এক বছরে গড়ে প্রায় প্রতিদিন একজন শিশু নিহত হয়েছে।
গাজায় কার্যকর যুদ্ধবিরতি নেই বলে অভিযোগ করেছে ইসলামিক রিলিফ। সংস্থাটির এক কর্মীর ভাষ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির এবং ঘনবসতিপূর্ণ এলাকাতেও হামলা অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা আরো বেড়েছে।
ইসলামিক রিলিফের ওই কর্মী বলেন, নিরাপত্তাহীনতার কারণে মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। মাথার ওপর ড্রোনের শব্দেও আতঙ্ক তৈরি হচ্ছে। এমনকি নিজেদের ঘরেও নিরাপদ বোধ করছেন না বাসিন্দারা। যেকোনো সময় হামলার শিকার হওয়ার আশঙ্কায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘস্থায়ী সংঘাত, প্রাণহানি এবং মানুষের বাস্তুচ্যুতির কারণে উপত্যকাটিতে মানবিক সংকট আরো গভীর হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রিলিফ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)