হরমুজে নৌ চলাচল নিয়ে ইরান-ওমান সমঝোতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
ছবিঃ রয়টার্স
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। প্রণালিতে জাহাজের নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নির্ধারণের বিষয়েও দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছে তেহরান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইরানের অবস্থান ও শর্ত সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্পষ্টভাবে জানানো হয়েছে।
ইরানি এই কর্মকর্তা জানান, অন্য পক্ষের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেয়া হবে। একই সাথে ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে পরামর্শ ও আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে।
বাঘেই বলেন, হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এ সমঝোতার বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে কীভাবে উপস্থাপন করা হবে, তা নিয়েও দুই দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে। শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তুলে ধরা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের মধ্যেই তেহরান-ওমানের এই সমঝোতার খবর সামনে এলো। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে প্রণালিতে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের সমঝোতাকে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি নিয়ে যেকোনো সমঝোতায় তেহরানের স্বার্থ ও নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। প্রণালির ভবিষ্যৎ নৌ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলার বিষয়টিও আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)