সংগৃহীত ছবি
ইউক্রেনের চেরনিহিভসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে চেরনিহিভের প্রিলুকি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে।
হামলায় পাঁচতলা ভবনটির একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপ থেকে পরে এক শিশুসহ নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র এক বছর এবং আরেকজনের বয়স আট বছর। আহতদের মধ্যে সাত শিশুও রয়েছে।
জেলেনস্কি রাশিয়াকে বেসামরিক মানুষ ও আবাসিক এলাকা লক্ষ্য করে হামলার অভিযোগ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের জনগণ ও শিশুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের ব্যবহার সন্ত্রাস সৃষ্টির পরিকল্পিত পদক্ষেপ।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বুধবার দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন জেলেনস্কি।
শীত মৌসুম সামনে রেখে হামলার মাত্রা বাড়ায় কিয়েভসহ বিভিন্ন শহরের বাসিন্দারা আতঙ্কে সাবওয়ে স্টেশনে আশ্রয় নিচ্ছেন। জেলেনস্কি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সরবরাহের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দিয়েছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)