Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ এএম

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

সংগৃহীত ছবি

 

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলার তথ্য জানায়। এদিকে একই সময়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত আরো তীব্র হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। অন্যদিকে আবহা বিমানবন্দরের স্থাপনায় হামলায় প্রাণ হারিয়েছেন দুজন। সেখানে আহত হয়েছেন আরো ২৮ জন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি হামলার একটি বুধবার এবং অন্যটি মঙ্গলবার সংঘটিত হয়েছে। তবে কোন হামলাটি কোন দিনে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

হুতিদের বিরুদ্ধে অভিযান চালানো সৌদি নেতৃত্বাধীন জোট হামলার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। বুধবার রাতে দেয়া এক বিবৃতিতে জোটটি জানায়, ইয়েমেনের সাদা, হোদেইদাহ, জাওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

বুধবার ইয়েমেনের বিভিন্ন বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়। এর মধ্যেই সৌদি আরবের বিমানবন্দরগুলোতেও হামলার ঘটনা ঘটে।

এর আগে বুধবার হুতিরা ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলা চালায় বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কায়রো থেকে একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের অংশের জন্য এডেন বিমানবন্দরটি প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বাব আল-মান্দাব প্রণালীর আশপাশের এলাকা। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য ব্যাহত হওয়ায় জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটির কৌশলগত গুরুত্ব আরো বেড়েছে।

চলতি সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী বাব আল-মান্দাবের কাছাকাছি এবং মোখা শহরের আশপাশের কৌশলগত এলাকাগুলো পুনর্দখলে অভিযান শুরু করেছে। গত সেপ্টেম্বরে এসব এলাকা হুতিদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল।

তবে ইয়েমেনের সরকারি বাহিনী সাম্প্রতিক অগ্রযাত্রা কতটা ধরে রাখতে পারবে, তা এখনো স্পষ্ট নয়।

মন্তব্য করুন