ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না— যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
সংগৃহীত ছবি
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া হবে না বলে আবারও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করার মতো সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গ্রিসের রাজধানী এথেন্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কো রুবিও। তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে ‘বের করে দেয়ার’ চেষ্টা করলেও তেহরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে।
রুবিও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না—এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অত্যন্ত স্পষ্ট ও চূড়ান্ত’। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো চুক্তি করতে হলে সেখানে এমন নিশ্চয়তা থাকতে হবে, যাতে তেহরান ভবিষ্যতেও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রয়োজন হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করবে গ্রিস। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শক্তিশালী সামরিক শক্তির কারণে এ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ওয়াশিংটনের রয়েছে।
রুবিওর দাবি, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি এমন পরিস্থিতির কাছাকাছি পৌঁছেছে, যার মুখোমুখি বিশ্বের খুব কম দেশই হয়েছে। তার মতে, নিষেধাজ্ঞার চাপ ইরানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে।
এদিকে ইরান একটি বড় ধরনের প্রচলিত সামরিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রুবিও। তার ভাষ্য, এর মাধ্যমে দেশটি এমন অবস্থানে যেতে চাইছে, যেখানে তাকে কার্যত ‘অস্পৃশ্য’ বা ধরাছোঁয়ার বাইরে মনে হতে পারে।
মার্কো রুবিওর মতে, ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারমাণবিক কর্মসূচি—দুটিই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতির গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। ফলে ইরানের সাথে ভবিষ্যৎ যেকোনো সমঝোতায় পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ রাখার বিষয়টিকে গুরুত্ব দেবে ওয়াশিংটন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)