সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম
সংগৃহীত ছবি
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন আহত হয়েছেন। একই ঘটনায় জাজান ও নাজরানের বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ হামলার তথ্য জানায়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সোমবার জাজান প্রদেশের কিং আবদুল্লাহ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, হামলার খবর পাওয়ার পর জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলায় দুই বিমানবন্দরের অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে জিএসিএ। এ কাজে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয় করছে কর্তৃপক্ষ।
তবে হামলার জন্য দায়ী কোনো পক্ষের নাম সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
এদিকে, সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে। তাদের ভাষ্য অনুযায়ী, জাজান ও নাজরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার লক্ষ্য ছিল।
হুতিরা আরো দাবি করেছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিগে সৌদি আরামকোর একটি তেল শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। তবে এসব দাবির সবগুলোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সৌদি সরকার সোমবার দেশটির বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করে, এ ধরনের কর্মকাণ্ড সামরিক উত্তেজনা বাড়াচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একাধিক ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোট এসব হামলা প্রতিহত করার দাবি করেছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয় হুতিরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)