উত্তাল দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
আটকের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে দিল্লিতে আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীতে ইন্ডিয়া জোটের (INDIA bloc) মিছিল নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় রাহুল গান্ধী একটি ব্যারিকেডের ওপর উঠে জাতীয় পতাকা হাতে অবস্থান নেন। পরে তাঁসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে পুলিশ।
সংসদ ভবন চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি নয়াদিল্লির নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাচ্ছিল। পার্লামেন্ট স্ট্রিটের কাছে নীতি আয়োগ কার্যালয়ের সামনে পুলিশ তাদের পথ আটকে দেয়। সেখানে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন এবং একাধিক ব্যারিকেড স্থাপন করা হয়েছিল।
পুলিশের বাধার মুখে রাহুল গান্ধী ব্যারিকেডে উঠে পড়লে তার সাথে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ আরো কয়েকজন বিরোধী নেতা সেখানে অবস্থান নেন। পরে বিরোধী সংসদ সদস্যরা সড়কে বসে বিক্ষোভ করেন। তাদের হাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার ছিল।
মিছিল এগোতে না দেয়ার পর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক বিরোধী নেতাকে আটক করে পুলিশ। তাদের বাসে তুলে নেয়া হয়। পরে রাহুল ও প্রিয়াঙ্কা আকাশবাণী ভবনের কাছে অবস্থান নেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করছে বিরোধীরা। তাদের দাবি, এসআইআরের মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এ ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করছে ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি অবশ্য বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে।
বিক্ষোভ চলাকালে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিরোধী নেতারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল গান্ধীও প্রধান নির্বাচন কমিশনারকে পদ ছাড়ার আহ্বান জানান।
এদিকে এসআইআর ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিষয়টি আদালতেও গড়িয়েছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন বিষয়ে জবাব চেয়েছে। ফর্ম-৬ পরিবর্তনসহ এসআইআর-সংক্রান্ত কয়েকটি বিষয়ে আদালত নথি চেয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে নোটিশও জারি হয়েছে।
রাহুল-প্রিয়াঙ্কাকে আটকের ঘটনায় মঙ্গলবার দিল্লির কেন্দ্রীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। নির্বাচন কমিশন ও সংসদ ভবনের আশপাশে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)